Thursday, May 30, 2024

টাকা ফেরত দিতে পারছেনা প্রিমিয়ার ব্যাংক, অনিশ্চয়তায় ৬৮২ হজ যাত্রী!

 



প্রিমিয়ার ব্যাংকে জমা রাখা অর্থ ছাড় না করায় ৬৮২ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যেতে অনিশ্চয়তায় পড়েছেন। এখন পর্যন্ত এসব যাত্রীর বিমানের টিকিট কাটা হয়নি। প্রিমিয়ার ব্যাংকে টিকিট বাবদ ১৩ কোটি টাকা জমা রাখা হলেও তারা এ অর্থ ছাড় করছে না। টাকা ছাড় করতে ব্যাংকটিকে কয়েকবার চিঠি দেয় ধর্ম মন্ত্রণালয়। এরপরেও টাকা দেয়নি। ওই অর্থ ফেরত দিতে রোববার পর্যন্ত সময় চেয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।


ধর্ম মন্ত্রণালয় বলছে, ওই হজযাত্রীদের হজ পালনে যাওয়া অনিশ্চিত হয়ে পড়লে এর দায় প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষকে নিতে হবে। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বেসরকারি হজ এজেন্সি আকবর হজ গ্রুপের অধীনে ৪২৮ হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এই হজযাত্রীপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা সংগ্রহ করে ৮ কোটি ৩৩ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় একটি অ্যাকাউন্টে রাখা হয়েছে।


এদিকে নর্থ বেঙ্গল হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামের একটি এজেন্সি ২৫৪ হজযাত্রীকে সৌদি আরবে নেওয়ার জন্য প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করে। সেই সঙ্গে বিমানের টিকিট বাবদ ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা করে ৪ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ২০০ টাকা প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় রাখা হয়। সব মিলিয়ে ৬৮২ হজযাত্রীর বিমানের টিকিট বাবদ ১৩ কোটি ২৮ লাখ টাকা প্রিমিয়ার ব্যাংকের মহাখালী শাখায় জমা রয়েছে। এ বছরের প্রথম হজ ফ্লাইট ৯ মে শুরু হয়েছে। হজযাত্রার শেষ ফ্লাইট ১২ জুন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, হজযাত্রীদের অর্থের একটি অংশ ঋণ দিয়েছে প্রিমিয়ার ব্যাংক। এ টাকা ফেরত পাওয়া নিয়ে সন্দেহে আছে তারা। সে কারণে টাকা স্থানান্তর করা হচ্ছে না। ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম যুগান্তরকে বলেন, আমরা এখনো প্রিমিয়ার ব্যাংকে জমা রাখা হজযাত্রীদের অর্থ ফেরত পাইনি। তবে ব্যাংক কর্তৃপক্ষ রোববার দেওয়ার কথা জানিয়েছে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করছি। ব্যাংকটি অর্থ ছাড় না করায় আমরা এসব হজযাত্রীর টিকিট কাটতে পারিনি।

যুগান্তর ৩০/৫/২৪ পৃ ১৩

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template